মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা ধরে রাখতে হবে—বর্তমান সরকারের পুলিশের প্রতি নির্দেশনা একটাই। দেশকে অপরাধমুক্ত করতে পুলিশ যা যা করার, তা করবে। দলমত নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করে পুলিশ এগিয়ে যাবে।
সোমবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের কল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করবে। এটাই বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, মেহেরপুরকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, পুলিশ তা করবে। পাশাপাশি অনলাইন জুয়া মেহেরপুরের একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে। অভিযানের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অনলাইন জুয়া ও মাদকমুক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেদী হাসানসহ স্থানীয় সাংবাদিক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।