এসআই বাবু, বারাদীঃ
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে জামে মসজিদের বেইজ ঢালাইয়ের মধ্য দিয়ে শুভ সূচনা হলো নতুন দরবেশপুর জামে মসজিদের নির্মাণ কাজ। বুধবার সকালে নতুন দরবেশপুরে গ্রামবাসীর উপস্থিতিতে এই ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
চার কাঠা জমির উপর তিন হাজার বর্গফুট আকৃতির তিনতলা মসজিদ ভবনের বেইজ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মাহবুব উল আলম শান্তি। মসজিদের ইমাম মুফতি খায়রুল বাশার উদ্বোধনী দোয়া পরিচালক করেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা শাহিনুল ইসলাম, সভাপতি ইসরাইল হোসেন, সাধারন সম্পাদক মাহবুব ইসলামসহ গ্রামের মুসুল্লিবৃন্দ।
নতুন মসজিদ নির্মাণ হওয়াতে আনন্দিত গ্রামের মানুষ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মনের আনন্দে অনেককে কাজ করতে দেখা যায়। নতুন মসজিদ নির্মাণকে ঘিরে সবার মাঝে কাজ করছে আনন্দ, যেন দীর্ঘদিনের একটি স্বপ্ন পুরণ হতে চলেছে। পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সকলেই অংশ গ্রহণ করে মহতী এই কাজে। মুসলিম উম্মাহ হিসেবে ইবাদত বন্দেগীর জন্য মসজিদের নির্মাণ কাজে সহযোগী হয়ে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এটাই সবার চাওয়া।