মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামীম রেজা (৩২) নামের এক অনলাইন জুয়া এজেন্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে শামীম রেজাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শামীম রেজার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ-বিদেশে অর্থপাচার, বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন এবং ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা চলমান রয়েছে। এছাড়া মেহেরপুরে তার বিরুদ্ধে দুটি এবং ঢাকার সিআইডিতে আরও কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও তদন্তাধীন।
গ্রেপ্তারের সময় শামীম রেজার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মামলার তদন্তে জব্দ করা মোবাইল ফোনটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।