মেহেরপুর নিউজ:
প্রাত্যহিক জীবনে বহুমাত্রিক কার্যক্রমের মধ্যদিয়ে নারীরা সরাসরি ভূমিকা রাখছে দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌছে দিয়েছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা।
বিভিন্ন পেশাজীবী নারীদের এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ও ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সম্প্রতি আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখা আয়োজন করেছে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মসূচি।
আইএফআইসি ব্যাংক মেহেরপুরে শাখার উদ্যোগে আর্থিক ও সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ কর্মসূচির মাধ্যমে নারীদের মাঝে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেনীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে কলেজ ছাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর মহিলা কলেজ মিলনায়তনে প্রায় শতাধিক কলেজ ছাত্রীদের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার।
আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাদেক উল্লাহ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
সেমিনারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল আলম, লোন অফিসার লিজা খাতুন, ট্রানজেকশন অফিসার ফিরোজ আহমেদ, সোহেলী আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক জেলা সমাজ কল্যান সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।