মেহেরপুর নিউজ:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের ছেলেদের কাবাডি খেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পর্যায়ের এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের উৎসাহ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুনাকের সভানেত্রী টুম্পা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ও জামিনুর রহমান খান, সহকারী পুলিশ সুপার নাভিদ, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, গাংনী থানার অফিসার ইনচার্জ মোরশেদ চৌধুরী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার, ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, আরআই মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা দেওয়া হচ্ছে।