মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অগ্নিকাণ্ডে চারটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার মধ্যরাতে সদর উপজেলার গোভীপুর দক্ষিণপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মোহর আলীর ছেলে মোরসালিন তার গোয়ালঘরে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখেন। ওই মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে বাঁধা থাকা চারটি ছাগলের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।