মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাঙ্কলরি ও কাভার্ড ভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবুর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সভাপতি ও কার্যনির্বাহী কমিটির ৮ জন সদস্য।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এস এম আকিব, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ কামাল শেখ রিংকু ও নির্বাহী সদস্য মন্টু আলী।
বক্তারা অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু সংগঠনের সংবিধান লঙ্ঘন করে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের ইচ্ছামতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি মাইকিং করে সদস্য নবায়নের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তারা আরও বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালেও তিনি তাঁদের নির্দেশনা আমলে নিচ্ছেন না। এ সময় বক্তারা প্রশ্ন তোলেন, তিনি এত ক্ষমতা কোথায় পেলেন?
সংবাদ সম্মেলনে বক্তারা সংগঠনের সংবিধান মেনে কার্যক্রম পরিচালনা এবং সাধারণ সম্পাদকের কথিত স্বেচ্ছাচারিতার অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।