মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার পশুহাটপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি এখনো দাঁড়িয়ে থাকলেও ভেতরে নেই কোনো আসবাবপত্র। চুরি হয়ে গেছে চেয়ার, বেঞ্চ, ফ্যানসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্র। একসময় মেয়েদের শিক্ষার প্রসারে প্রাণচাঞ্চল্য তৈরি করা প্রতিষ্ঠানটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে।
এলাকায় নারীশিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে ২০০২ সালে শহরের কালাচাঁদপুর গ্রামের আনসারুল হক, পুরাতন বাসস্ট্যান্ডপাড়ার রেজাউল করিম এবং তৎকালীন পৌর কাউন্সিলর সালেহীন তারিখের উদ্যোগে ৩৩ শতাংশ জমির ওপর পৌর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
শুরুতে প্রায় ১০০ জন ছাত্রীকে পাঠদানের লক্ষ্য নিয়ে সাতজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অবহেলিত ও বঞ্চিত হিসেবে পরিচিত শহরের ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে মেয়েদের শিক্ষার প্রসার নিয়ে নতুন আশার সঞ্চার হয়। দুটি শিফটে একটি অফিস কক্ষসহ মোট পাঁচটি কক্ষে ছাত্রীদের পাঠদান শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
কিন্তু ২০১৯ সালের দিকে করোনার প্রভাব শুরু হলে বিদ্যালয়টির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। করোনা পরিস্থিতি শেষ হলেও প্রতিষ্ঠানটির আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ওই সময় থেকেই ছাত্রীদের উপস্থিতি কমতে থাকে। একপর্যায়ে বিদ্যালয়ে ছাত্রীদের আসা-যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বেতন না পাওয়ায় শিক্ষকরাও ধীরে ধীরে বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেন।
২০২১-২০২২ সাল থেকে ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন পঙ্গুত্ববরণ করায় তাঁর পক্ষেও প্রতিষ্ঠানের সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর রাখা সম্ভব হয়নি।
দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় বিদ্যালয় ভবনটিও এখন জরাজীর্ণ। জানালা-দরজা ভেঙে গেছে। চুরি হয়ে গেছে চেয়ার, বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র ও ফ্যান। টিনের ছাউনিতে অসংখ্য ছিদ্র তৈরি হওয়ায় বৃষ্টির পানি পড়ে মেঝে নষ্ট হচ্ছে। টিনের ছাদ, বিদ্যালয়ের সাইনবোর্ড ও আশপাশের এলাকা ঢেকে গেছে আগাছা ও লতাপাতায়।
স্থানীয়দের প্রত্যাশার বিপরীতে বিদ্যালয়টি এখন শিক্ষার পরিবেশ হারিয়ে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। সেখানে মাদকের আড্ডা বসার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, একই এলাকায় প্রতিষ্ঠিত পশুহাটপাড়া প্রাথমিক বিদ্যালয়টি ইতোমধ্যে দ্বিতল ভবনে উন্নীত হওয়ার পাশাপাশি জাতীয়করণ হয়েছে। অথচ তার পাশেই এলাকার একমাত্র নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে। একসময় যে প্রতিষ্ঠানটি এলাকার মেয়েদের শিক্ষার স্বপ্ন দেখিয়েছিল, আজ তার স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে শুধু জরাজীর্ণ ভবনটি।