মেহেরপুর নিউজ:
মেহেরপুরের উপকণ্ঠে মাছবোঝাই আলগামন উল্টে উজ্জ্বল ও ইমরান হোসেন নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের উপকণ্ঠে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার মোহাম্মদপুর গ্রামের আসু হালদারের ছেলে এবং ইমরান হোসেন চুয়াডাঙ্গার তেঘরিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ড্রামবোঝাই মাছ নিয়ে একটি আলগামনে করে মেহেরপুরে আসছিলেন তাঁরা। পথে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ অফিসের কাছে পৌঁছালে আলগামনটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় চালকসহ দুজন আহত হন।
দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা ড্রাম থেকে বিপুল পরিমাণ মাছ রাস্তার পাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত উজ্জ্বল ও ইমরানকে উদ্ধার করেন। পরে তাঁদের মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।