মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের কোর্টমোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী সড়কে গিয়ে শেষ হয়।
এর আগে মেহেরপুর জেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।
এ ছাড়া বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী ও জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহমুদ সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ ও আনন্দ শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।