মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাত থেকে ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, সংস্কৃতি ও সমাজকল্যাণ একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহযোগিতা করা সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। সরকারি সহায়তা কার্যক্রমকে জনবান্ধব ও কার্যকর করার পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সংস্কৃতির বিকাশ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় মোট ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সরকারি জাহিদ।