মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইনসের ড্রিলশেড মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জামিনুর রহমান খান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়াহার মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের ১০ মাসের দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, তাঁর দায়িত্ব পালনকালে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থান এবং অপরাধ দমনে নেওয়া বিভিন্ন আইনি পদক্ষেপ ছিল সময়োপযোগী।
জেলা পুলিশের সদস্যরা বলেন, স্বল্প সময়ের কর্মকালেও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাঁর দায়িত্বশীলতা, সুশৃঙ্খল দিকনির্দেশনা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। তাঁর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, সিভিল স্টাফ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।