মেহেরপুর নিউজঃ
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান—সব পর্যায়েই সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর ওয়াবদা সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।