মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মেহেরপুর ইলেভেন স্টার। রবিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ওমরের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দারিয়াপুর একাদশকে ৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে দলটি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওমরের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মেহেরপুর ইলেভেন স্টার। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ওমর ১১৫ রান সংগ্রহ করেন।
জবাবে ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দারিয়াপুর একাদশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফিউল সর্বোচ্চ ৪৫ রান করেন। ইলেভেন স্টারের পক্ষে সিয়াম ২টি উইকেট দখল করেন।
খেলায় দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ওমর।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওমরের হাতে তুলে দেন ক্রিকেটার ও মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদ হাডান জিকো।
এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল মেহেরপুর ইলেভেন স্টার।