মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী যুব মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টলে প্রদর্শিত পণ্য ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান ও আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
তিন দিনব্যাপী এ যুব মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে।