মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে মিকাইল ইসলাম ও হোসাইন নামে দুই ব্যক্তিকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ।
দণ্ডপ্রাপ্ত মিকাইল ইসলাম মেহেরপুর শহরের মিয়াপাড়ার আব্দুল্লাহর ছেলে এবং হোসাইন রামদাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রহমত আলীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।