মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫৫টি সমিতির ১৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শামসুল আলম ও আফারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে শামসুল আলম ১০ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফারুল ইসলাম পান ৭ ভোট।
এদিকে নির্বাচনে পাঁচজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—তাহাজ উদ্দিন, শামসুল হক, ইয়ারুল ইসলাম, মশিউর রহমান ও সাবিনা ইয়াসমিন।
সহ-সভাপতি ও ১ নম্বর সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদ দুটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনাকারী কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে সদস্য মাহমুদ হাসান মল্লিক ও মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর শামসুল আলমের সমর্থকরা তাকে ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নবনির্বাচিত সভাপতি শামসুল আলমকে অভিনন্দন জানান।