মেহেরপুর নিউজ:
প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একটি ইজিবাইক চুরি হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের পন্ডেরঘাট এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ইজিবাইকের মালিক মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে ছিফাত আলী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ছিফাত আলী জানান, সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের পন্ডেরঘাট এলাকায় জনৈক বাদলের দোকানের সামনে ইজিবাইকটি রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন, সেখানে ইজিবাইকটি নেই।
পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও ইজিবাইকটির কোনো সন্ধান পাননি তিনি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছিফাত আলী।