মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় বাঘা বিশ্বাস নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর কুষ্টিয়ায় রেফার করা হয়েছে।
বাঘা বিশ্বাস পিরোজপুর গ্রামের নায়েব বিশ্বাসের ছেলে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে পিরোজপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম গ্রুপের সাথে ঈদের আগে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সালাম গ্রুপের একজন আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান করে। খবর পেয়ে পিরোজপুর পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয়পক্ষের প্রায় ৬ জনকে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
এদিকে দুপুরের দিকে বাঘা বিশ্বাস বাড়ি ফেরার পথে সালাম গ্রুপের লোকজন পিছন থেকে তার উপর আক্রমণ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে বাঘা বিশ্বাসকে কুপিয়ে জখম করে।এই ঘটনার পর থেকে পুলিশ পিরোজপুর গ্রামে পুলিশের টহল জোরদার করা হয়েছে।