মেহেরপুর নিউজ :
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে
বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত “বীর নিবাস” এর নির্মাণকাজ শুরু করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর এবং রাজাপুর গ্রামে দুইজন বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস তৈরির কাজ শুরু করা হয়।
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ উপস্থিত থেকে দুটি গ্রামে দুই জন বীরমুক্তিযোদ্ধা বীর নিবাস তৈরির কাজ শুরু করেন। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর জেলায় মোট ৩০ টি বীর মুক্তিযোদ্ধা নিবাস তৈরি করা হবে। এরই মাঝে গত দুই সপ্তাহ পূর্বে মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া এবং কুতুবপুর গ্রামে দুটি বীর মুক্তিযোদ্ধা নিবাস তৈরীর কাজ শুরু করা হয়। মেহেরপুর সদর উপজেলায় ১১ টি মুজিবনগর উপজেলার ৭ টি এবং গাংনী উপজেলায় ১২ ঘর তৈরি করা হবে। প্রতিটি ঘরের জন্য ১৪ লক্ষ ১০ হাজার ৩৮২ টাকা করে নির্মাণ ব্যয় ধরা হয়েছে। নির্মাণ কাজ শুরু করার ৬০ দিনের মধ্যে ঘর গুলোর নির্মাণ কাজ শেষ করা হবে।
বীর মুক্তিযোদ্ধা নিবাসে ২টি বেডরুম, রান্নাঘর, বড় বারান্দা ২টি বাথরুমসহ অন্যান্য সুবিধা থাকবে বলে জানা গেছে।