মেহেরপুর নিউজ :
অভাব-অনটনের সংসার, পরিবারের অধিকাংশ সদস্যই প্রতিবন্ধী। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পারেছা খাতুন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অসহায় এই পরিবারের কাছে প্রতারণার ঘটনাটি যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন মেহেরপুরের গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার সকালে তিনি থানায় এ অভিযোগ দায়ের করেন। পারেছা খাতুন গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী শাহিন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা খাতুনের দুই সন্তানই দৃষ্টিপ্রতিবন্ধী। তার স্বামীও মানসিক প্রতিবন্ধী। একই পরিবারের ননদও মানসিক প্রতিবন্ধী। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি ‘প্রতিবন্ধী সংসার’ হিসেবেই পরিচিত।
প্রায় ১০ বছর আগে শাহিন আলীর সঙ্গে পারেছার বিয়ে হয়। অভাবের সংসারে স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজে পাঠান তিনি। কাজ শেষে নিজেই আবার স্বামীকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অনেক সময় তার স্বামীর মজুরিও দেওয়া হয় অর্ধেক। সেই সামান্য আয় দিয়েই চলে তাদের সংসার।
এত প্রতিকূলতার মধ্যেও ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি পারেছা। দৃষ্টিশক্তি না থাকলেও ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন। নিজের হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজই সামলান তিনি।
কিন্তু পরিবারের জন্য সামান্য অর্থ সঞ্চয়ের চেষ্টার মধ্যেই প্রতারণার শিকার হলেন তিনি।
পারেছা খাতুনের অভিযোগ, গত রোববার বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। ফোনে তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন ওই ব্যক্তি। কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে মোবাইলে আসা ওটিপি নম্বর জানতে চান তিনি।
ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় সরল বিশ্বাসে প্রতিবেশীদের সহায়তায় ফোনে আসা ওটিপি নম্বর দেন পারেছা। এরপরই তার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, তার ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
একটি পরিবারের বেঁচে থাকার লড়াই যেখানে প্রতিদিনের বাস্তবতা, সেখানে ফ্যামিলি কার্ডের মতো সরকারি সহায়তার আশ্বাস দিয়ে এমন প্রতারণা অসহায় মানুষকে আরও বিপাকে ফেলেছে। যে অর্থ দিয়ে পরিবারের খাবার, সন্তানদের প্রয়োজন কিংবা গৃহস্থালির জরুরি খরচ মেটানোর কথা, সেই অর্থই এখন প্রতারকদের হাতে।
এদিকে সরকারি সহায়তার নামে প্রতারণার এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ বিষয়ে ভুক্তভোগী পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।