গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের পূর্বপাড়ার একটি গোডাউনে (গুদাম ঘরে) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাট ও তামাক পুড়ে ছাই হয়েছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকার বলে জানিয়েছেন গোডাউন মালিক একই উপজেলার হিন্দা গ্রামের খোকন মিয়া।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খোকন মিয়া জানায়,নওয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের একটি গোডাউন ভাড়া নিয়ে পাট ও তামাকের ব্যবসা করে আসছিলাম। গোডাউনে ৬ হাজার কেজি তামাক ও ৯শ মন পাট মজুদ করা হয়েছিল। প্রতিরাতের ন্যায় শনিবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি আসি।
ওই রাতেই স্থানীয় লােকজন আমার গােডাউনে আগুন জ্বলে উঠতে দেখে,বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছাবার পর অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই গোডাউনে রাখা পাট ও তামাক পুড়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইছাহাক আলী বিশ্বাস জানান,অগ্নিকান্ডের বিষয়টি জানতে পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করি। তার আগেই গোডাউনে রাখা তামাক ও পাট পুড়ে যায়। তবে কিছু অর্ধপােড়া কিছু মালামাল উদ্ধার করা হয়।