গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম ওরফে আলিহীম (৪৮) হত্যা মামলার ৪ নং আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ । গ্রেফতারকৃত আব্দুল হান্নান মহাম্মদপুর গ্রামের গাইনপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।
গাংনী থানা সূত্র জানায়,শরিকানা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরের দিকে প্রকাশ্যে দিবালােকে ভ্যান চালক আব্দুল আলীম ওরফে আলিহীমকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ৯ জনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রকাশ্যে দিবালোকে খুনের ঘটনার পর আত্মগোপন করে আসামিরা। ফলে আসামি গ্রেফতারে গাংনী থানা পুলিশ তৎপরতা শুরু করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,স্থানীয় সোর্স, তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে হত্যা মামলার ৪নং আসামি আব্দুল হান্নানের অবস্থান শনাক্ত করা হয়। সনাক্তের পর বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুন্ডি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবসাদ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তার রিমান্ড আবেদন করার প্রয়োজন হতে পারে। এ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশা করছি।