মেহেরপুর নিউজ :
হেরোইন সেবন করে বিরক্তিকর আচরণ করার দায়ে হাফিজুল ইসলাম নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে হাফিজুল ইসলামকে ১ মাসের কারদন্ড ও ১শ টাকা অর্থদণ্ড করা হয়। হাফিজুল ইসলাম মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মোশারফ হোসেনের ছেলে। মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে হাফিজুল ইসলাম হেরোইন সেবন করে বিরক্তিকর আচরণ করার সময় তাকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টে সে তার দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)ধারা ভঙ্গ করার অপরাধে হাফিজুলকে এক মাসের কারাদন্ড ও ১শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট চলাকালে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।