মেহেরপুর নিউজঃ
মিফরা বিনতে মোস্তাফিজ ও ফারিজা বিনতে মোস্তাফিজ জমজ দুই ভাই বোন। বয়স ১৭ দিন। সরকারি নিয়ম অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। এবং সেটি হবে বিনামূল্যে।
মিফরা বিনতে মোস্তাফিজ ও ফারিজা বিনতে মোস্তাফিজ জমজ দুই ভাই বোন তাদের মা ও দাদির কোলে চেপে ইউনিয়ন পরিষদে এসেছিল জন্ম নিবন্ধন করতে। তাদের সৌভাগ্যবান বলতে হয়, এই জন্যই যে মেহেরপুর নবগঠিত শ্যামপুর ইউনিয়নের অনলাইনের মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে দু’ভাইবোনের জন্ম নিবন্ধন করা হলো। সঙ্গে সঙ্গে তাদের দুই ভাই বোনকে ফুলের শুভেচ্ছা এবং মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দিলেন নবগঠিত শ্যামপুর ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন। সোমবার দুপুরের দিকে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শ্যামপুর ইউনিয়নের জন্ম নিবন্ধন কাজ শুরু করা হলো। সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন ভেঙে শ্যামপুর ইউনিয়ন গঠিত হলেও এতদিন যাবত আমঝুপি ইউনিয়ন থেকে শ্যামপুর ইউনিয়নের জন্ম নিবন্ধন করা হচ্ছিল। পরে নিজস্ব ব্যবস্থাপনায় সোমবার শ্যামপুর ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন কাজ শুরু হয়। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জন্ম নিবন্ধন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা, ইউপি সদস্য সাইদুর রহমান, নাশেদা আক্তার উর্মি, কাকলি খাতুন, আওলাদ হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ। পরে জমজ দুই ভাই বোনের অভিভাবকের হাতে তাদের জন্ম সনদ তুলে দেওয়া হয়। এ সময় শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট প্রদান করা হয়।