মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহর সমাজসেবা অফিসের উদ্যোগে মেহেরপুরের সকল ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় মিলনায়তনে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু করা হয়।
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি উপস্থিত থেকে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু করা হয়। শুরুতে মেহেরপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ভেরিফিকেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, পৌর কাউন্সিলর রোকসানা কামাল রুনু প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ও অসচ্ছল মহিলা ভাতা ভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। মূলত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মধ্যে কোন মৃত ভাতা ভোগী আছে কিনা, এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ভোগীদের মধ্যে পুনরায় কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিনা, ভাতাভোগীদের মোবাইল নম্বর বা হিসাব নম্বর পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কিনাসহ বিভিন্ন বিষয়ে জানতে স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়।