মেহেরপুর নিউজ:
দু দুবার ফসলি জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে নষ্ট করার পর এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না মর্মে থানায় বসে মীমাংসা করার পর এবার ভুট্টার ক্ষেত কেটে তসরুপ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় রাজাপুর গ্রামের মাঠে ১০ কাঠা জমির ভুট্টা কেটে তসরুপ করা হয়। জানা গেছে রাজাপুর গ্রামের হযরত আলীর ছেলে ফিরোজ তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে ভুট্টা চাষ করেন। ভুট্টাগুলো দুই থেকে তিন ফুট লম্বা হওয়ায় পর রাতের আঁধারে ১০ কাঠা জমিতে লাগানো সমস্ত ভুট্টা কেটে নষ্ট করা হয়।
ফিরোজ আলী অভিযোগ করেন, রাজাপুর গ্রামের উম্মত আলীর ছেলে মনিরুল ইসলাম ভুট্টার গাছ গুলো কেটে তসরুপ করে। এর আগে ওই জমিতে দুই দুবার লাগানো ধান ঘাস মারা বিষ দিয়ে নষ্ট করে দেয়। ওই ঘটনায় মামলাদারের পর সম্প্রতি থানায় বসে মীমাংসা করা হয়। এবং পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। তারপর রাতের আঁধারে ভুট্টা গাছগুলো কেটে তসরুপ করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।