রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় শনিবার বিস্ফোরণে তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এটি একটি বোমা হামলা ছিল বলে জানিয়েছে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র। বাসস
জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, ‘মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁয় একটি হাতে তৈরি করা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়। এতে তিনজন নিহত হয়েছেন।’
কমিটি জানায়, নিহত তিনজনের মধ্যে ছিলেন বিস্ফোরক যন্ত্র বহনকারী এক নারী, তাকে থামাতে যাওয়া একজন নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁর একজন গ্রাহক।
সন্ত্রাসবিরোধী কমিটি আরও জানায়, আহত ২১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এর আগে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক বিবৃতিতে মস্কো পুলিশ জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন।
রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে ভবনটির বাইরে দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।
রাশিয়া এর আগেও বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।