মেহেরপুর নিউজ:
খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের মেহেরপুর পুলিশ লাইন্সে আগমন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খানের সঞ্চালনায় সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের আস্থা অর্জনে সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি, খুলনা) মো. রাফিউল রহমান, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।