মেহেরপুর নিউজ:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে দলীয়করণের প্রতিবাদে মেহেরপুরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে এ স্মারকলিপি দেওয়া হয়।
সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজে কোনো রাজনৈতিক দলের প্রভাব, হস্তক্ষেপ কিংবা দলীয়করণের সুযোগ থাকা উচিত নয়। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি পুরো কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
স্মারকলিপিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনার দাবি জানানো হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা আবুল হোসেন, শ্যামপুর ইউনিয়ন জামায়াতের নেতা আজমাইল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।