মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের কাছে প্রদান করা হয়।
এ সময় উপজেলা জামায়াতের আমীর ও গাংনী পৌর মেয়র প্রার্থী মোঃ রবিউল ইসলাম-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হক, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদ, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকাশিত তালিকায় দলীয় বিবেচনা করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। তাই বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পূনরায় যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া নিয়োগ প্রক্রিয়ার তদন্ত, অভিযোগের সুষ্ঠু যাচাই এবং নিরপেক্ষ কমিটির মাধ্যমে পুরো বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।