মেহেরপুর নিউজ:
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ হাজার ২১৪ নম্বর পেয়ে মেহেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফুয়াদ।
ফারহান ফুয়াদ মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ফেরদৌস রাব্বি ও মোসাম্মৎ নার্গিস বানুর জ্যেষ্ঠ সন্তান।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মেহেরপুর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান ফুয়াদ জানায়, পরীক্ষার পর সে যে ফলাফল প্রত্যাশা করেছিল, ফলাফল ঠিক তেমনই হয়েছে। এই সাফল্যের পেছনে বাবা-মা এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে জানায় সে।
ফারহান ফুয়াদ বলে, “এই ফলাফলটি আমার ভাগ্যে ছিল বলেই সম্ভব হয়েছে।” পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সচেতন থাকার কথাও জানায় সে।
ফারহান জানায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। তখন অনলাইনে ক্লাস পরিচালনার কারণে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ তৈরি হলেও সে প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার করেনি। করোনা পরিস্থিতির পর একাডেমিকভাবে ক্লাস শুরু হলেও মোবাইলের প্রতি আসক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেছে।
দশম শ্রেণিতে ওঠার পর প্রাইভেট শিক্ষকের কাছে পড়ার বিষয়েও সে ভিন্নভাবে চিন্তা করে। প্রাইভেট পড়তে গেলে যাতায়াতে সময় নষ্ট হবে—এমন চিন্তা থেকে কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েনি বলে জানায় ফারহান। পাশাপাশি প্রাইভেট পড়ার প্রতি তার অনাগ্রহও ছিল।
পড়াশোনার সময় নিয়ে ফারহান বলে, “আমি কখনো সময় ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে, যখনই সময় পেয়েছি, তখনই বই হাতে নিয়ে বসেছি।”
পরীক্ষা দেওয়ার পর থেকেই নিজের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ছিল ফারহান। তার প্রত্যাশা ছিল প্রতিটি বিষয়ে এ প্লাস পাওয়ার।
ভবিষ্যতে চিকিৎসক হওয়ার প্রত্যয় ব্যক্ত করে ফারহান ফুয়াদ। এ লক্ষ্য পূরণে সে সবার কাছে দোয়া কামনা করেছে।