মেহেরপুর নিউজঃ
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবাস (iBAS) এর মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থপ্রতিম শীল, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আইবাসের মাধ্যমে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণের এ উদ্যোগের ফলে সুবিধাভোগীদের অর্থ প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।