মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মোরসালিনকে এ সহায়তা দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর মোরসালিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
রবিবার মধ্যরাতে সদর উপজেলার গোভীপুর দক্ষিণপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোভীপুর গ্রামের মোহর আলীর ছেলে মোরসালিন তার গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখেন। পরে ওই মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরে বেঁধে রাখা চারটি ছাগলের মৃত্যু হয়।