মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের বড়বাজারে একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিকপক্ষ জানিয়েছে।
সোমবার মধ্যরাতে শহরের বড়বাজারের মোখলেসুর জামান এন্ড ব্রাদার্স নামের মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার রাতে দোকান মালিক দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মধ্যরাতে হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক জানান।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।