মেহেরপুর নিউজ:
মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ইটভাটা মালিকদের নিয়ে অবৈধ ইটভাটা বন্ধ এবং আধুনিক ব্লক ইট ব্যবহার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীর সভাপতিত্বে সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে প্রচলিত পদ্ধতিতে কাঠ দিয়ে ইট পোড়ানোর পরিবর্তে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইট উৎপাদন এবং আধুনিক ব্লক ইট ব্যবহারের উদ্যোগ নিতে ইটভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, ইটভাটা মালিক সেলিম রেজা, মিলন হোসেন প্রমুখ।