মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে বিলকিছ আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। নিহত বিলকিছ নুরপুর গ্রামের প্রবাসী বেবী মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বিলকিছ। মধ্যরাতের দিকে একটি বিষধর সাপ তার কানে কামড় দেয়। এ সময় চিৎকার করে সাপটিকে হাত দিয়ে ছুড়ে মারেন তিনি। তার চিৎকারে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
পরে আহত বিলকিছকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার করেন। কুষ্টিয়ায় নেওয়ার পথে বিলকিছের মৃত্যু হয়।