মেহেরপুর নিউজঃ
‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলার ৭০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ থাকবে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও প্রতিভা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুল ইসলাম জাহিদ।