মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তিন শিশু বাবা-মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়ার প্রায় ১৭ ঘণ্টা পর চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো—আমঝুপি গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে হুসাইন, নবিরুলের ছেলে রতন এবং সাহাবুদ্দিনের ছেলে রিফাত।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩টার দিকে মেহেরপুরে মেলা দেখতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। পরে শনিবার সকাল থেকে মেহেরপুরসহ আশপাশের এলাকায় মাইকিং করে তাদের খোঁজ করা হয়।
এদিকে, ‘মেহেরপুরে মেলা দেখতে এসে তিন শিশু নিখোঁজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সংবাদটি দেখে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকার কয়েকজন ব্যক্তি তিন শিশুকে ঘোরাফেরা করতে দেখে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা রেলস্টেশনে গিয়ে শিশুদের উদ্ধার করে আমঝুপিতে নিয়ে আসেন।
পরে বাড়ি ছাড়ার কারণ জানতে চাইলে তিন শিশুই জানায়, বাবা-মায়ের বকুনি খেয়ে তারা বাড়ি থেকে চলে গিয়েছিল। তবে শিশুদের বাবা-মায়েরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়দের মতে, শিশুদের প্রতি পরিবারের আরও যত্নশীল আচরণ এবং সচেতনতা এ ধরনের ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।