মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্নআউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাভিদ তাসনিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক মেহেরপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।