মেহেপুর নিউজ:
মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি, নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার এবং লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর হোটেল বাজার ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে যথাযথ কর্তৃপক্ষের সনদ গ্রহণ না করে এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে ঢাকা কাচ্চি ঘরের মালিক মো. আব্দুস সালাম হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি এবং পণ্যে মেয়াদ উল্লেখ না করার অপরাধে আল বারাকা লাইভ বেকারির মালিক মো. আল আরাবিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার দায়ে জোসনা বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা আদায় করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ।