মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের ১০টি মসজিদের উন্নয়নে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ শীর্ষক প্রকল্পের আওতায় মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদের জন্য ৩ লাখ টাকা করে এ বরাদ্দ প্রদান করা হয়।
সোমবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে বরাদ্দের অর্থসংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী আখতার হোসেন রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা সোহেল রানা ও সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ এবং বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলোর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া অর্থ সংশ্লিষ্ট মসজিদগুলোর উন্নয়ন ও অবকাঠামোগত কাজে ব্যয় করা হবে।