মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ১০৮টি হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৬টি ফেসবুক আইডি।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ফোন ও টাকা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জুন ও জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। এ ছাড়া একই সময়ে ২৬টি ফেসবুক আইডিও উদ্ধার করা হয়।
অন্যদিকে, বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া অর্থের ঘটনায় করা তিনটি মামলার ভিত্তিতে ১৬ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্যের কাছে চলে যাওয়া টাকা সংক্রান্ত ছয়টি জিডির ভিত্তিতে আরও ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৭ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, অনলাইন জুয়া, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসা জালিয়াতি, বিকাশ প্রতারণা ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঘটনায় ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে কাজ করছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকতে মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি বা গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করা এবং অনলাইনে কেনাকাটার আগে বিক্রেতা ও প্রতিষ্ঠানের বিষয়ে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে জেলা পুলিশ।
সাইবার অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তায় জেলা পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।