মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
কুলবাড়িয়া মাদক নির্মূল কমিটির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাঝহারুল ইসলাম হেলেন। স্বাগত বক্তব্য রাখেন আখতারুজ্জামান হীরা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম দিপু, শামসুজ্জামান রাঙা ও মোহাম্মদ জামাত ইসলাম।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে কুলবাড়িয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান।