মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদুখালি স্কুল এন্ড কলেজের উদ্যোগে ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে যাদুখালি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত সভাপতি মিন্টু আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম ও আমজাদ হোসেন এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন যাদুখালি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান ও সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক খাদেমুল ইসলাম। এর আগে যাদুখালি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি মিন্টু আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সমাবেশে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।