মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ফাইনালে জয়লাভ করে অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।
খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে রিফাত দুটি এবং নাফিজ তিনটি গোল করেন। অপরদিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে রাজন একটি গোল করেন।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল এখন অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।