মেহেরপুর নিউজ:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর। এর আগে শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।