মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল মৌজায় কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। তিনি স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিজিবি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে। সরকারি বিধি অনুযায়ী তিন ফসলি আবাদি জমি অধিগ্রহণ না করার সিদ্ধান্ত রয়েছে। চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র এবং কৃষিকাজই তাদের একমাত্র অবলম্বন।
স্মারকলিপিতে আরও বলা হয়, এরই মধ্যে প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্র্যাক সিড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, মোখলেছুর রহমান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার তিন ফসলি কৃষিজমি ক্রমেই কমে যাচ্ছে। ফলে কৃষিকাজের জন্য অবশিষ্ট সামান্য জমিও অধিগ্রহণ করা হলে স্থানীয় কৃষকরা জীবিকা নির্বাহে সংকটে পড়বেন।
এ অবস্থায় চাঁদবিল মৌজায় কৃষিকাজের জন্য অবশিষ্ট তিন ফসলি আবাদি জমি কোনোভাবেই অধিগ্রহণ না করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে মাজেদ আলী, শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, মহাদেব পাত্রসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।