মেহেরপুর নিউজ:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে এবং মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। বারাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান মুকুল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বারাদী ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আহসান বাবু, খাকছার আলী ও রিপন আলী।
পরে বারাদী ইউনিয়নের রাজনগর শেখপাড়া ও মল্লিকপাড়া দলের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেখপাড়া দল ৩৯-৩৮ পয়েন্টে মল্লিকপাড়া দলকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান মুকুল, বারাদী ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিন উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।