মেহেরপুর নিউজ:
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিস চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে ‘একসাথে আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।
আলোচনা সভায় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরসহ অন্যান্য প্রাণীর কামড়ের পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং জলাতঙ্ক প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
র্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শফি, খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব জলাতঙ্ক দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ প্রাণঘাতী রোগ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।